সাইফুল ইসলাম তুহিন
স্টাফ রিপোর্টার
গত ০৩ জানুয়ারী ২০২৬ইং নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র এমপি প্রার্থী হিসেবে প্রকৌশলী তানভীর উদ্দিন রাজিবের দাখিলকৃত মনোনয়নপত্র চূড়ান্তভাবে বৈধ ঘোষণা করা হয়েছে। জেলা রিটার্নিং কর্মকর্তা কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাই ও প্রাথমিক শুনানি শেষে নির্বাচন কমিশনের সকল বিধি-বিধান পূরণ করায় তার প্রার্থিতা বহাল রাখা হয়।
নির্বাচন অফিস সূত্রে জানা যায়, প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা, নাগরিকত্ব, আয়-ব্যয়ের হিসাব, হলফনামা ও অন্যান্য আনুষঙ্গিক কাগজপত্রে কোনো ধরনের অসঙ্গতি পাওয়া যায়নি। এছাড়া মনোনয়ন বাতিল চেয়ে কোনো গ্রহণযোগ্য আপত্তিও উত্থাপিত না হওয়ায় আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে তাকে বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়।
মনোনয়ন বৈধ ঘোষণার পরপরই হাতিয়ার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডে সাধারণ ভোটারদের মধ্যে ইতিবাচক সাড়া লক্ষ্য করা গেছে। স্থানীয়দের মতে, দীর্ঘদিন ধরে অবহেলিত এই দ্বীপাঞ্চলের উন্নয়নে একজন শিক্ষিত, পেশাদার ও স্বচ্ছ ভাবমূর্তির প্রার্থীর অংশগ্রহণ নতুন আশা জাগিয়েছে। বিশেষ করে যোগাযোগ ব্যবস্থা, নদীভাঙন প্রতিরোধ, স্বাস্থ্যসেবা ও কর্মসংস্থানের মতো গুরুত্বপূর্ণ ইস্যুগুলোতে তার স্পষ্ট অবস্থান ভোটারদের দৃষ্টি আকর্ষণ করছে।
প্রতিক্রিয়ায় প্রকৌশলী তানভীর উদ্দিন রাজিব বলেন,
“মনোনয়ন বৈধ হওয়া আমার জন্য শুধু রাজনৈতিক সাফল্য নয়, এটি হাতিয়ার মানুষের প্রতি আমার দায়বদ্ধতার স্বীকৃতি। আমি বিশ্বাস করি—হাতিয়ার উন্নয়ন হবে পরিকল্পিত, টেকসই ও দুর্নীতিমুক্ত। নির্বাচিত হলে মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করাই হবে আমার প্রথম অঙ্গীকার।”
তিনি আরও বলেন, দল-মত নির্বিশেষে সকল শ্রেণি-পেশার মানুষকে সঙ্গে নিয়ে একটি উন্নত, নিরাপদ ও সম্ভাবনাময় হাতিয়া গড়াই তার নির্বাচনী লক্ষ্য।
নোয়াখালী-৬ (হাতিয়া) আসনটি ভৌগোলিকভাবে বিচ্ছিন্ন ও প্রাকৃতিক দুর্যোগপ্রবণ এলাকা হওয়ায় এখানে উন্নয়ন চ্যালেঞ্জ দীর্ঘদিনের। এবারের নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রকৌশলী তানভীর উদ্দিন রাজিবের অংশগ্রহণ নির্বাচনী প্রতিযোগিতাকে আরও প্রাণবন্ত করবে বলে মনে করছেন সচেতন মহল।
Leave a Reply