চুয়াডাঙ্গার দর্শনা থানাধীন বেগমপুর ইউনিয়নের যদুপুর গ্রামে সাপের কামড়ে ক্বারী শাফায়াত উল্লাহ (৩৭) নামে এক জামায়াত নেতার মৃত্যু হয়েছে।
সোমবার (১ জুন) ভোরে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত শাফায়াত উল্লাহ বেগমপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর ওলামা বিভাগের সভাপতি ছিলেন।
এছাড়াও ক্বারী শাফায়াত উল্লাহ দীর্ঘদিন ধরে স্থানীয় কলোনি পাড়া বাজারে কসমেটিকের ব্যবসা করে করতেন। ব্যবসায়িক পরিচয়ের পাশাপাশি তিনি একজন ইসলামী বক্তা এবং স্থানীয় একটি মসজিদের খতিব হিসেবে দায়িত্ব পালন করতেন। ব্যক্তিগত জীবনে তিনি স্ত্রী ও তিন সন্তান রেখে গেছেন।
পারিবারিক সূত্রে জানা যায়, রোববার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে নিজ বাড়িতে ঘুমন্ত অবস্থায় ছিলেন শাফায়াত উল্লাহ। এ সময় সাপ তাকে কামড় দেয়। তীব্র অসুস্থতা অনুভব করে ঘুম ভেঙে গেলে তিনি পাশে সাপটি দেখতে পান এবং সাথে সাথে পরিবারের সদস্যদের বিষয়টি জানান।
নিহতের স্বজনরা জানান, ঘটনার পরপরই দ্রুত তাঁকে উদ্ধার করে রাত ২টার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর অবস্থার দ্রুত অবনতি ঘটে এবং ভোররাতে তিনি মারা যান।
স্থানীয় সাবেক ইউপি সদস্য আমিনুল ইসলাম জানান, ঘুমন্ত অবস্থায় সাপ কামড় দেওয়ার বিষয়টি জানার পরপরই পরিবারের লোকজন তাঁকে হাসপাতালে নিয়ে গেলেও শেষ পর্যন্ত তাঁকে বাঁচানো সম্ভব হয়নি।
নিহত ক্বারী শাফায়াত উল্লাহ’র আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তিনি ব্যক্তিগতভাবে অত্যন্ত মিশুক ও সজ্জন ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন।
এ বিষয়ে দর্শনা থানার ওসি (অপারেশন) মকলেসুর রহমান জানান, বিষয়টি সম্পর্কে তারা অবগত হয়েছেন এবং খোঁজখবর নিচ্ছেন।
Leave a Reply