এ বছর হজ পালন করতে গিয়ে এখন পর্যন্ত ২৭ জন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, সৌদি আরবে উন্নত চিকিৎসাসেবা ও প্রযুক্তিনির্ভর ব্যবস্থাপনার কারণে আগের বছরের তুলনায় এবার মৃত্যুর হার কমেছে।
পবিত্র হজের সার্বিক ব্যবস্থাপনা ও সর্বশেষ পরিস্থিতি পর্যালোচনায় মক্কার বাংলাদেশ হজ মিশনে এক বিশেষ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।
সভায় জানানো হয়, এ বছর সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় মোট ৭৯ হাজার ১৬৪ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। ২০১টি ফ্লাইটের মাধ্যমে তাদের যাত্রা সফলভাবে সম্পন্ন হয়েছে। তবে এই পবিত্র সফরের মধ্যেই এখন পর্যন্ত ২৭ জন বাংলাদেশি হজযাত্রী ইন্তেকাল করেছেন। তাদের মধ্যে ১৮ জন পুরুষ ও ৯ জন নারী। মৃতদের মধ্যে ১৮ জন মক্কায় এবং ৯ জন মদিনায় মারা গেছেন।
হজ মিশনের তথ্য অনুযায়ী, আগের বছরের তুলনায় এবার চিকিৎসাসেবা ও প্রযুক্তির ব্যবহার বাড়ানোয় হাজিদের মৃত্যুর হার উল্লেখযোগ্যভাবে কমেছে।
২০২৫ সালে হজে গিয়ে ৪৮ জন বাংলাদেশির মৃত্যু হয়েছিল। ২০২৪ সালে এ সংখ্যা ছিল ৬৫ জন। আর ২০২৩ সালে ১ লাখ ২২ হাজারের বেশি হাজির মধ্যে ১২১ জন ইন্তেকাল করেছিলেন। সংশ্লিষ্টদের মতে, এবার হজযাত্রীর সংখ্যা তুলনামূলক কম হলেও সেবার মান উন্নত হওয়ায় মৃত্যুর সংখ্যা কমে এসেছে।
হজ মিশনের স্বয়ংক্রিয় ব্যবস্থা থেকে এবার এ পর্যন্ত ৪৭ হাজার ৪৭টি চিকিৎসা ব্যবস্থাপত্র দেয়া হয়েছে এবং আইটি হেল্পডেস্কের মাধ্যমে প্রায় ২১ হাজার ৪৩৪টি ডিজিটাল সেবা নিশ্চিত করা হয়েছে, যা হজ যাত্রীদের দ্রুত সুস্থতায় বড় ভূমিকা রাখছে।
Leave a Reply