নোয়াখালীর
সেনবাগ-এ পবিত্র রমজান মাস উপলক্ষে ১ হাজার দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। রবিবার (১ মার্চ) বিকেল ৩টায় সেনবাগ পাইলট হাইস্কুল মাঠে এ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সেনবাগ প্রবাসী কল্যাণ সংস্থা-র উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংস্থার প্রতিষ্ঠাতা পরিচালক মহিউদ্দিন। অনুষ্ঠান সঞ্চালনা করেন নূর হোসেন সুমন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ী আংশিক) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও সাবেক চিফ হুইপ জয়নুল আবেদিন ফারুক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আহ্বায়ক এম এ আজিম চৌধুরী।
এছাড়াও অনুষ্ঠানে সংস্থার নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সার্বিক সহযোগিতায় ছিলেন শহীদুল্লাহ মিন্টু, আবদুল মান্নান বাবলু, মুফতি সোয়াইব হোসেন, ওমর ফারুক, মো. রফিকুল ইসলাম রবি, মো. হারুন, আবদুর রহমান ভূঞা, আমির হোসেন লিটন ও আবু নাঈম।
প্রধান অতিথির বক্তব্যে জয়নুল আবেদিন ফারুক বলেন, “রমজান মাস সংযম, সহমর্মিতা ও আত্মশুদ্ধির মাস। সমাজের সামর্থ্যবান ব্যক্তিদের উচিত অসহায় মানুষের পাশে দাঁড়ানো। প্রবাসী কল্যাণ সংস্থার এ ধরনের মানবিক উদ্যোগ প্রশংসনীয় ও অনুকরণীয়।”
সংস্থার প্রতিষ্ঠাতা পরিচালক মহিউদ্দিন বলেন, ভবিষ্যতে আরও অসহায়, দরিদ্র ও বিধবা নারীদের আর্থিক সহায়তা এবং সেলাই মেশিন প্রদান করা হবে। তিনি আরও জানান, সেনবাগ পৌরসভায় একটি বেওয়ারিশ লাশের কবরস্থান স্থাপনের উদ্যোগ নেওয়ার পরিকল্পনা রয়েছে এবং এ বিষয়ে সবার সহযোগিতা কামনা করেন।
সংস্থার নেতৃবৃন্দ জানান, বিশ্বের ১৭০টি দেশে অবস্থানরত সেনবাগের প্রবাসীদের সহযোগিতায় এ আয়োজন বাস্তবায়ন করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
ইফতার সামগ্রীর মধ্যে ছিল আলু, পেঁয়াজ, ডাল, তেল, ছোলা, খেজুর, সেমাই, লুডুসসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্য। উপকারভোগীরা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
Leave a Reply