নোয়াখালী, ০২ মার্চ ২০২৬: পবিত্র রমজান মাস উপলক্ষে বিশেষ টাস্কফোর্স অভিযান পরিচালনা করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, নোয়াখালী। অভিযানে ৫ জন মাদকসেবীকে আটক করে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
সোমবার বিকেলে সুধারাম মডেল থানাধীন দত্তের হাট, মহাব্বতপুর, সোনাপুর ও বাল্ডিংটন মোড়সহ বিভিন্ন এলাকায় একযোগে অভিযান চালানো হয়। এ সময় আসামিদের কাছ থেকে ২ কেজি গাঁজা উদ্ধার করা হয় বলে জানায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
আটককৃতরা হলেন— মোঃ সুমন (৪৪) রাজারামপুর, মোঃ রাজু (৩২) দত্তের হাট এলাকা, মোঃ রাব্বী (২৮) তাজ মাহতাবপুর, আনোয়ার হোসেন (২৯) আইয়ুবপুর এবং মোঃ ইয়াসিন (৪০) সোনাপুর এলাকার বাসিন্দা।
অভিযান চলাকালে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ শাহাদত হোসেন, মোছাঃ কাউসারী আক্তার, এস এম জাহিদা আক্তার মৌসুমি ও মুকসুদুস সালেহীন উপস্থিত ছিলেন। ঘটনাস্থলেই ভ্রাম্যমান আদালত পরিচালনা করে দোষ স্বীকারের ভিত্তিতে আসামিদের বিরুদ্ধে সাজা প্রদান করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, রমজান মাসব্যাপী মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে। মাদকমুক্ত সমাজ গঠনে প্রশাসনের এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও চলমান থাকবে বলে তারা উল্লেখ করেন।
Leave a Reply