নোয়াখালীতে তেল সংকটের কারণে পেট্রোল পাম্পগুলোতে দীর্ঘ লাইনে অপেক্ষমাণ বাইকারদের মাঝে পানি ও খাবার স্যালাইন বিতরণ করেছে জেলা ছাত্রদল। বুধবার (৮ এপ্রিল) দুপুরে জেলা শহরের হক ফিলিং স্টেশনসহ বিভিন্ন ফিলিং স্টেশনে এ কার্যক্রম পরিচালনা করা হয়।
তীব্র গরম ও দীর্ঘ সময় অপেক্ষার কারণে ভোগান্তিতে পড়া সাধারণ মানুষের কষ্ট লাঘবে সংগঠনটির এ উদ্যোগ স্থানীয়দের মধ্যে প্রশংসিত হয়েছে। লাইনে দাঁড়িয়ে থাকা বাইকার আলাউদ্দিন বলেন, “অনেকক্ষণ ধরে লাইনে থাকতে হচ্ছে, এতে খুব কষ্ট হচ্ছিল। ছাত্রদলের দেওয়া পানি ও স্যালাইন আমাদের জন্য স্বস্তি এনে দিয়েছে।”
এ সময় উপস্থিত ছিলেন জেলা ছাত্রদল নেতা এনবিএস রাসেল, নোয়াখালী সরকারি কলেজ শাখার সাধারণ সম্পাদক সাফরাতুল ইসলাম নাবিল, সদর উপজেলার নেতা করিম উদ্দিন বাবু, শহর ছাত্রদলের জোবায়ের হোসেন আরিফ, ইমরান হোসেনসহ অন্যান্য নেতাকর্মীরা।
জেলা ছাত্রদল নেতা এনবিএস রাসেল জানান, তেল সংকটের কারণে সাধারণ মানুষকে দীর্ঘ সময় ভোগান্তি পোহাতে হচ্ছে। কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের নির্দেশনায় এই মানবিক উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তিনি বলেন, “মানুষের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব। সংকট চলাকালীন এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।”
Leave a Reply